[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গান–নাচ–আলপনা–শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানাল চট্টগ্রামবাসী

প্রকাশঃ
অ+ অ-
পয়লা বৈশাখের বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উল্লাস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়, নগরের ডিসি হিল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

বর্ণাঢ্য শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে চট্টগ্রামবাসী। ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা এবং জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণিল সব আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে অনুষ্ঠানস্থলের আশপাশের সড়কগুলো আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে এসব স্থানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল সাড়ে সাতটায় বেহালার সুরের মূর্ছনায় সিআরবির শিরীষতলায় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে সোমবার একই স্থানে বর্ষবিদায়ের আয়োজন করা হয়েছিল।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সিআরবিতে এবারের বর্ষবরণের আয়োজন করা হয়েছে। পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান মারুফ জানান, প্রায় ১০০টি সংগঠন এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে। সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের ঐতিহ্য প্রায় অর্ধশত বছরের। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার কারণে আয়োজন বন্ধ ছিল। ১৯৭৮ সাল থেকে সেখানে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্‌যাপন পরিষদ’ অনুষ্ঠান করে আসলেও এবার জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করা হয়েছে।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল ৯টায়, চট্টগ্রাম নগরের ডিসি হিলে | ছবি: পদ্মা ট্রিবিউন

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় সার্কিট হাউসের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি কাজীর দেউড়ি মোড় হয়ে ডিসি হিল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯টা থেকে সেখানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ আয়োজন রয়েছে। এ ছাড়া এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। বোধন আবৃত্তি পরিষদ নগরের আন্দরকিল্লা জে এম সেন হলে দিনব্যাপী পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও পহেলা বৈশাখের নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

নগরে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। উৎসব ঘিরে এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্ধ্যার আগেই সব অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়, নগরের ডিসি হিল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসি হিল, সিআরবি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন