যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
![]() |
| জাহাঙ্গীর আলমকে ফের ধরতে পেরেছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই কনস্টেবল আহত হয়েছেন। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানার এসআই আসমত আলীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে অভিযানে যায়। সেখান থেকে আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ওই আসামিকে ছিনিয়ে নেন। এতে এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০) আহত হন। আহত শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
আহত কনস্টেবল শহিদুল ইসলাম বলেন, তিনি যখন আসামিকে ধরে রাখার চেষ্টা করছিলেন, তখন তাঁর বুকে আঘাত করা হয় এবং হাতের একটি আঙুল জখম হয়। এই সুযোগে লোকজন তাঁর কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করার পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য ছড়ানো হয়। প্রচার করা হয় যে, পুলিশ ওই আসামিকে পিটিয়ে মেরে ফেলেছে। এই খবর শুনে এলাকাবাসী জড়ো হয়ে তাঁকে ছিনিয়ে নেন। জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

Comments
Comments