কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
| সীমান্ত | প্রতীকী ছবি |
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাতে সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, ফেরত আসা দুই ব্যক্তিকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফেরত পাওয়া ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)।
এর আগে রোববার রাতে তাঁরা নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
পরিবারের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথ ভুলে তাঁরা সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে চৌদ্দঘড়ি বিওপিতে (বিজিবি) যোগাযোগ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফকে এ বিষয়ে চিঠি দেওয়া হলে গতকাল বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে বিএসএফ আটক দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, বিজিবি কর্তৃক সোপর্দ করা দুই বাংলাদেশিকে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments
Comments