কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
![]() |
| দুর্ঘটনাকবলিত ট্রাক | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ট্রাকের সাতজন আরোহী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ধান কাটার শ্রমিক। নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
![]() |
| নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাঁদের সবার বাড়ি দিনাজপুরে।
আহত ব্যক্তিরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।


Comments
Comments