মাজারের খাদেমকে কুপিয়ে জখম, 'সোলেমান লেংটার মেলা' বন্ধের নির্দেশ
![]() |
| বদরপুরে শুরু হওয়া হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বদরপুরে শুরু হওয়া হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমোদন না থাকায় বুধবার বিকেল থেকে মেলা বন্ধ করার এই নির্দেশনা দেওয়া হয়।
নির্ধারিত সময়ের একদিন আগে ৩০ মার্চ থেকেই মেলার কার্যক্রম শুরু হয়েছিল। মঙ্গলবার উদ্বোধনের দিন মেলায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতির মধ্যেই মেলা বন্ধের আদেশ এল।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব মেলা বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মেলার কোনো অনুমতি নেওয়া হয়নি। এ কারণে ওই দিনের মধ্যেই মেলার সব কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলা বন্ধের বিষয়টি জানিয়ে ওই এলাকায় মাইকিংও করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, মেলার আয়োজন করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা বন্ধের নির্দেশ দিয়েছে। যারা দূরদূরান্ত থেকে মেলায় এসেছেন, তারা রাতে ফিরে যেতে না পারলে পরদিন সকালে চলে যাবেন।
| মাজারের খাদেমকে কুপিয়ে জখম | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ১০৭তম লেংটার ওরশ ও মেলার উদ্বোধন করা হয়। এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মেলায় ভিড় করেন। বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসেছে। সেখানে অসংখ্য দোকানপাট বসার পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী আস্তানা ও খানকা। মাজার সংলগ্ন এলাকায় গান-বাজনাসহ বিভিন্ন আয়োজন চলছিল।
স্থানীয়দের অভিযোগ, মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন, জুয়ার আসর এবং চাঁদাবাজি চলছে। এ ছাড়া কিছু স্থানে নারী-পুরুষের অংশগ্রহণে আপত্তিকর নাচসহ বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে মেলায় মাদক বিক্রি ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মেলা আয়োজনের অনুমতি না দিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি সংগঠন।
এদিকে শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় মাদক সেবন ও জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। ওই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দেশি ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Comments
Comments