‘দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একটি কালো ছায়া আচ্ছন্ন করতে চেয়েছিল’
![]() |
| আজ শনিবার সকালে ময়মনসিংহ নগরের মহাবিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে নগরের মহাবিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শোভাযাত্রাটি নতুনবাজার, জিলা স্কুল ও টাউন হল মোড় ঘুরে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রামীণ নানা ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এতে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে একটি কালো ছায়া আচ্ছন্ন করতে চেয়েছিল। এ দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারপ্রধান বলেছেন—সবার আগে বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করছি। দেশে অবশ্যই সুস্থ সাংস্কৃতিক ধারা ফিরে আসবে।’

Comments
Comments