অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ হবে সন্ধ্যা ৬টায়
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে | ছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ |
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে।
এ ছাড়া দেশের সব দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় রাত পৌনে ১২টায়। পরে সেখানে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। তবে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান ও কাঁচাবাজার এই নিয়মের বাইরে থাকবে।
বৈঠকে আগামী তিন মাস সরকারের খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সময়ে নতুন কোনো যানবাহন (গাড়ি, জলযান বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ বন্ধ থাকবে।
সভা-সেমিনারের আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারের ব্যয় ৩০ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া ভ্রমণ খরচও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে। বিয়ে বা উৎসবে কোনো আলোকসজ্জা করা যাবে না।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার প্রয়োজন আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) বৈদ্যুতিক বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে। বিদ্যালয়গুলো এসব বাস শুল্ক ছাড়াই আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে আনলে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। এ ক্ষেত্রে শর্ত হলো, বাসগুলো অবশ্যই নতুন হতে হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া। যার মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে। অর্থাৎ এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সরাসরি ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সরাসরি উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস হবে সরাসরি।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়েছে অনেক দেশ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে। এখন এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তা রোববার জানা যাবে।
বৈঠকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের সংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষায় সব ধরনের অপরাধের বিচার করা যাবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নেওয়া এসব সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং জনজীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই পদক্ষেপগুলো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ত করবে বলে আশা করছে সরকার।

Comments
Comments