সন্তানের প্রেম নিয়ে দ্বন্দ্ব, পথে দেয়াল তুলে ২০ পরিবারের চলাচলে বাধা
![]() |
| জামালপুরে দ্বন্দ্বের জেরে পথে দেয়াল তুলে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামালপুর শহরে সন্তানদের প্রেম নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে চলাচলের পথে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এর ফলে গত ১১ দিন ধরে অন্তত ২০টি পরিবার কার্যত বন্দি অবস্থায় রয়েছে। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে কয়েক দফা সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় প্রতিকার চেয়ে গত সোমবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে আবদুল মজিদ নামের এক ব্যক্তি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার উভয় পক্ষকে নোটিশ দিয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলিশা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ১২ ডিসেম্বর হঠাৎ ওই ছাত্রী নিখোঁজ হলে ১৪ ডিসেম্বর তার মা বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় ওই তরুণ ও তার বাবা-মাকে আসামি করা হয়। পরে পুলিশ ছাত্রী ও তরুণকে উদ্ধার করে আদালতে পাঠায়। আদালতে জবানবন্দি দেওয়ার পর ছাত্রীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এদিকে মামলায় ওই তরুণের বাবা ও মা প্রায় তিন মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পান। স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনার ক্ষোভ থেকে গত ২৪ মার্চ কবির হোসেন তাঁর বাড়ির সামনের একমাত্র চলাচলের পথে ইটের দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেন। এতে ওই ছাত্রীসহ গ্রামের অন্তত ২০টি পরিবারের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, পূর্বপুরুষের আমল থেকেই তাঁরা এই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাজার, হাসপাতাল কিংবা মসজিদে যাতায়াতও এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এর আগেও অন্তত দুইবার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল; পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়গুলো সমাধান হয়। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সামান্য বিরোধ তৈরি হলেই তাঁরা এভাবে বারবার চলাচলের পথ বন্ধ করে দেন।
ছেলের মা বলেন, ‘ছেলে ও মেয়ে প্রেম করে পালিয়ে গিয়েছিল। ছেলের অপরাধে আমাকে ও আমার স্বামীকে মেয়ের বাবা-মা জেল খাটিয়েছে। এই ক্ষোভ থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ, চলাচলের জন্য লাঠির ওপর ভর করতে হয়। তারপরও আমাদের দুজনকে তিন মাস জেল খাটিয়েছে। আমরা মেয়ের বাবা-মাকে এই দিক দিয়ে যেতে দেব না। তবে অন্য পরিবারগুলোর জন্য চলাচলের রাস্তা ছেড়ে দেব।’
দেয়াল তোলা পরিবারের দাবি, তাঁরা নিজেদের জায়গায় দেয়াল তুলেছেন। তবে এলাকাবাসী বলছে, জায়গাটি সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে আগামী রোববার আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। উভয় পরিবারের কাছ থেকে পুরো ঘটনা শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments