ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি
![]() |
| ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ৬ শিশু ভর্তি | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৭৯টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে এসব শিশু হাসপাতালের হাম পৃথককরণ কেন্দ্রে ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭২টি শিশু এই লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ জন এবং মারা গেছে ৫টি শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১০টি শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে বাংলাদেশের জাতীয় পোলিও ও হাম পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৭টি পরীক্ষার ফল পাওয়া গেছে, যার মধ্যে ৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক বিশেষায়িত কেন্দ্র রয়েছে। সেখানে তিনটি চিকিৎসক দল গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত ৬৪ শয্যার বিপরীতে বর্তমানে ৭৯টি শিশু ভর্তি রয়েছে।

Comments
Comments