[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চোর সন্দেহে যুবককে বেঁধে বেধড়ক পিটুনি, ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-
চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধর করা হচ্ছে। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া | ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার 'হাসান ভাই' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার মাইলারহাট এলাকার ব্যাপারীপাড়া বেলাল জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক যুবককে একটি ভবনের দরজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন ৫০ থেকে ৬০ জন স্থানীয় মানুষ। এ সময় দুই থেকে তিনজন ব্যক্তি কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করছেন। স্থানীয়দের অভিযোগ, ওই যুবক মসজিদের ব্যাটারি ও কিছু যন্ত্রপাতি চুরি করেছেন। তবে মারধরের সময় ভিডিওতে দেখা যায়, যুবকটি বারবার নিজেকে নির্দোষ দাবি করে বাঁচার আকুতি জানাচ্ছেন।

ভিডিওতে আরও শোনা যায়, উপস্থিত কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন, ‘তুই ব্যাটারি চুরি করেছিস?’ জবাবে যুবকটি বলছেন, ‘আমি চুরি করিনি।’ একপর্যায়ে তাঁকে ভয় দেখাতে নখ তুলে ফেলার হুমকিও দেওয়া হয়।

ভিডিওর শেষে একজনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘মসজিদ থেকে ব্যাটারি ও মেশিন চুরি করতে এসে ধরা খেয়েছে চোর। এই ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আর চোরকে আপনাদের এলাকায় দেখলে গণপিটুনি দিন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। মো. মজিবুল নামের এক ব্যক্তি ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘আমি মনে করি, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়।’

আহমেদ সাঈদ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আইনের কাছে হস্তান্তর করাই যুক্তিযুক্ত। নিজের হাতে আইন তুলে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।’ মোহাম্মদ জামাল উদ্দিন নামের অন্য একজন লিখেছেন, ‘এভাবে মারা ঠিক হয়নি।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন