বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ
| ডাকাতি | প্রতীকী ছবি |
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকার দিকে আসা এক প্রবাসী ডাকাতের শিকার হয়েছেন। এ সময় প্রবাসীকে বহনকারী গাড়ির চালক ডাকাতদের গুলিতে আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সেতুর ওপর এই ঘটনা ঘটে। ডাকাতরা সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
দেলোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামে। মঙ্গলবার সকালে তিনি দেশে ফিরেছেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আষাড়িয়ারচর সেতুর ওপর ৪টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার নিয়ে ১০-১২ জন ডাকাত মাইক্রোবাসের গতিকে বাধা দেয়। একপর্যায়ে চালক এবং ডাকাতদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর মধ্যে ডাকাত দলের এক সদস্য চালক ফিরোজ মিয়ার ডান হাতে গুলি চালায়। পরে তারা দেলোয়ার হোসেনের পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
আহত চালক ফিরোজ মিয়ার বাড়ি ভোলার তজুমুদ্দিনে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিববুল্লাহ বলেন, ডাকাতির সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এতে ডাকাতেরা সব মালামাল লুট করতে পারেনি। তবে গাড়ির চালক গুলিতে আহত হয়েছেন এবং তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়েছে।
Comments
Comments