ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লব ভুলে গেছেন: মিয়া গোলাম পরওয়ার
![]() |
| বরিশালে জামায়াতের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সন্ধ্যায় নগরের এ কে স্কুলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘কারিগরি কৌশলে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন! এখন তারা জুলাই আন্দোলন স্বীকার করে না। আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু করা হলো কারসাজি।’
রোববার বিকেলে বরিশাল শহরের গির্জা মহল্লা এলাকার এ কে স্কুল মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কমিটি এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘মনে রাখবেন, দেশের মানুষ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া সামনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে আমরা অংশ নেব। জনগণ এসব স্থানীয় নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির সহকারী সাধারণ সম্পাদক মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক হাফেজ হাসান আতিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের সহ-সভাপতি মাস্টার আবদুল মান্নান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর সহ-সভাপতি মাহমুদ হোসাইন এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান। এ ছাড়াও বরিশাল মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান ও বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments
Comments