পুরোনো পোশাকেই স্বস্তি, বলছে পুলিশ সদস্যদের একটা বড় অংশ
![]() |
| নতুন পোশাকে দুই পুলিশ সদস্য। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুলিশের বর্তমান পোশাক পরিবর্তন করে আগের গাঢ় নীল (নেভি ব্লু) রঙের পোশাকে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বাহিনীর বিশাল এক অংশ। ১ লাখ ৪ হাজার ৯১৩ জন পুলিশ সদস্য আগের সেই পোশাকের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন। অন্যদিকে, বর্তমানের লৌহ (আয়রন) রঙের শার্ট ও কফি রঙের প্যান্ট বহাল রাখার পক্ষে মত দিয়েছেন মাত্র ৯১১ জন।
বুধবার পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের মোট ২ লাখ ১২ হাজার সদস্যের মধ্যে গত সোম ও মঙ্গলবার দেশের ৬৪ জেলায় বিশেষ ‘কল্যাণ প্যারেড’ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের ১ লাখ ৮ হাজার ৬৪১ জন সদস্য লিখিতভাবে তাঁদের মতামত দেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯৬ দশমিক ৫৭ শতাংশ সদস্যই আগের নেভি ব্লু শার্ট-প্যান্ট এবং মহানগর এলাকার জন্য নির্ধারিত সবুজ শার্ট ও গাঢ় প্যান্টের পক্ষে মত দিয়েছেন। মাত্র ২ দশমিক ৫৯ শতাংশ সদস্য অন্য কোনো রঙের পোশাক চেয়েছেন।
পোশাক নিয়ে কেন এই আলোচনা?
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি আবারও সামনে আসে। আজ ডিএমপি সদর দপ্তরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করেই পোশাকের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, পোশাক পরিবর্তন করলে পুলিশের মানসিক পরিবর্তন হবে কি না, সেটিও ভাববার বিষয়।
অ্যাসোসিয়েশনের যুক্তি
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গত ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায়, ২০০৪ সালে আবহাওয়া, দৃশ্যমানতা এবং অন্য বাহিনীর সঙ্গে পার্থক্যের কথা বিবেচনা করে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর নেভি ব্লু পোশাকটি নির্ধারণ করা হয়েছিল। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় জনমত যাচাই না করেই যে নতুন পোশাক দেওয়া হয়েছিল, তাতে অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিনতে সমস্যা হচ্ছে। বাহিনীর অধিকাংশ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া ওই পরিবর্তনের বিপক্ষে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বর্তমান ‘আয়রন’ রঙের পোশাকের সিদ্ধান্ত নিয়েছিলেন।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন এ বিষয়ে বলেন, পোশাক নির্ধারণের ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে, পুলিশ বাহিনী সেটিই চূড়ান্ত হিসেবে মেনে নেবে।

Comments
Comments