খেজুরের দাম নিয়ে ঝামেলা, ক্রেতাদের মারধর করল স্টার কাবাবের কর্মী দল
![]() |
| স্টার কাবাবে ক্রেতাদের মারধরের ঘটনা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
পুরান ঢাকার জনসন রোডের ঐতিহ্যবাহী ‘স্টার কাবাব’ রেস্তোরাঁয় ইফতারের খেজুরের অতিরিক্ত দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশের এই শাখায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন ক্রেতা ইফতার করতে স্টার কাবাবে যান। প্লেটে দেওয়া খেজুরের দাম নিয়ে তাঁরা রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন কর্মী জোটবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর চড়াও হন।
ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও বাইরে চরম উত্তেজনা চলছে। কর্মীরা প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের আঘাত করছেন। এমনকি এক ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধরও করা হয়। সাধারণ মানুষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের আক্রমণাত্মক আচরণের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন ক্রেতা আহত হয়েছেন।
সূত্রাপুর থানার পরিদর্শক (অভিযান) সুমন নাথ বলেন, 'খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহতরা ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভিডিও চিত্র দেখে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে স্টার কাবাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments
Comments