[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রকাশঃ
অ+ অ-
'দম' সিনেমার পোস্টার | ছবি: প্রযোজনা সংস্থার সৌজন্যে

দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে। 

শনিবার জানা গেছে, ছবিটি এবার যুক্তরাষ্ট্রেও মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে ছবিটি প্রদর্শিত হবে। এরপর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং কানাডায় মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের পছন্দে আছে আফরান নিশো, পূজা চেরী এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। ছবিটির প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে দর্শকের এই চাহিদার কারণে ছবিটি দেশের বাইরে একের পর এক হলে মুক্তি পাচ্ছে।

এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী শুক্রবার, ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ছবিটি। রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। এটি হবে আমাদের ৫৩তম প্রদর্শন। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।’

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে নিজেদের আবেগ মেলাতে পারবেন। গল্পটি আমরা এমনভাবে দেখাতে চেয়েছি, যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।’

‘দম’ মুক্তির মাধ্যমে ১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির সিনেমা নির্মাণে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পরিবেশক প্রতিষ্ঠান বলেছে, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা এবং পূজা চেরীর মতো প্রতিভাবান নায়িকার উপস্থিতি এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল ঘোষণার দিন থেকেই। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর এবং মো. সাইফুল্লাহ রিয়াদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন