[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশঃ
অ+ অ-
হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামাল | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তাঁর সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যরা তাঁদের নির্বাচিত করেন।

টানা ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিএনপি-জামায়াত জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

অন্যদিকে, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। নিয়ম অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

সংসদের প্রধান সচেতক (হুইপ) নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। সচেতক রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো প্রার্থীর নাম না থাকায় কণ্ঠভোটে তিনি নির্বাচিত হন।

এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে সচেতক রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন সচেতক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

নির্বাচন শেষে ৩০ মিনিটের জন্য সংসদের কার্যক্রম মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান। রাষ্ট্রপতি প্রথমে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদকে এবং পরে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন