নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
![]() |
| ধর্ষণ | প্রতীকী ছবি |
নারায়ণগঞ্জে এক নারী বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।
রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, বিএনপি নেতা নাসির উদ্দিন ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় করেন। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। নাসির উদ্দিন বিভিন্ন সময়ে তাকে বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখান এবং বিয়ে করে সংসার করার প্রলোভনও দেন।
ওই নারী অভিযোগ করেন, ৬ মার্চ দেখা করার কথা বলে আমাকে প্রাইভেট কারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করেন। আমাকে কাউকে না জানানোর জন্য হুমকিও দেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরে আদালতে মামলা করার প্রস্তুতি নিলে খবর পেয়ে তাকে আদালত চত্বর থেকে অপহরণের চেষ্টা করা হয়। আমি আইনিভাবে সমাধান না পেলে আত্মহত্যা করব। এজন্য দায়ি থাকবেন নাসির উদ্দিন, যোগ করেন তিনি।
নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গুলশানে থাকি এবং দেশ-বিদেশে ব্যবসার কাজে যাই। আমি নৈতিকভাবে এত নিচে নামতে পারি না। আমার বিরুদ্ধে বিগত সরকারের সময় ৩৪টি মামলা হয়েছে, সবই রাজনৈতিক ইস্যুতে। নৈতিকতা বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে আমি জড়িত নই। এবারও আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এমপি সাহেবের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় দলের কেউ কেউ মিথ্যা অপপ্রচারে জড়িত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারীকে আমি আগে কখনো দেখিনি। পুরো ঘটনা সাজানো নাটক, ছবিগুলোও এডিট করা।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ সম্পর্কে প্রাথমিকভাবে জানেছি। অভিযোগকারী যদি থানায় মামলা করেন, তবে সে অনুযায়ী আইনি সহযোগিতা দেওয়া হবে।
নাসির উদ্দিন ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সভাপতিও ছিলেন।

Comments
Comments