[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যায় দুইজনকে গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
মৃত্যু খবর শুনে কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। শনিবার সকালে ঊপজেলার ভবানিপুর উত্তরপাড়ায় | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলার আলাদা দুটি স্থান থেকে তাঁদের আটক করা হয়। তবে এই জোড়া খুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নুরুল মণ্ডলের ছেলে রাব্বি মণ্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএসপি প্রণব কুমার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আশা করছি খুব দ্রুতই এই রহস্য উন্মোচন করা সম্ভব হবে।’

নিহতরা হলেন—উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার মৃত নাজিমুদ্দিন খাঁর স্ত্রী সুফিয়া বেগম (৭০) এবং তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)। জামিলা উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও হাফেজা ছিল। দাদি ও নাতনি ওই বাড়িতে একসঙ্গে থাকতেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কান্নার শব্দ শুনে স্থানীয় কয়েকজন আশপাশে খোঁজখবর নেন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তাঁরা নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। ওই সময় নাতনি জামিলাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন তাঁরা। পরে বাড়ির অদূরে একটি সরিষাক্ষেতে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা বিশেষ শাখাসহ (ডিএসবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা মাঠে নেমেছেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এই নিষ্ঠুর খুনের বিষয়ে নিহতদের স্বজন বা প্রতিবেশীরা সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না। তবে তাঁরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন