[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

প্রকাশঃ
অ+ অ-
নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির আজ বুধবার সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন | ছবি: পদ্মা ট্রিবিউন    

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বুধবার সকালে দায়িত্ব নিয়েছেন। সকালে তিনি পুলিশ সদর দপ্তরে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে সালাম (গার্ড অব অনার) জানায়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ছিলেন তিনি। তিনি সিলেট আঞ্চলিক রিজার্ভ ফোর্স (আরআরএফ), ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে তিনি পুলিশ সদর দপ্তর ও বিশেষ সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলী হোসেন ফকির কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করেছেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

আইভরিকোস্টে শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন শেষে ২০১৩ সালের জানুয়ারিতে ফেরার পর তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরপর তিনি আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদোন্নতি পাননি। ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ বছরে ‘বঞ্চনার শিকার’ অনেক কর্মকর্তাকে পুলিশে ফিরিয়ে আনা হয়। পুলিশ সুপার (এসপি) হিসেবে বাহিনীতে ফেরার পর তিনি উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান। এরপর তিনি পুলিশ সদর দপ্তর ও বিশেষ সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

আলী হোসেন ফকিরের জন্ম ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি (এমবিএ) অর্জন করেন।

তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

আলী হোসেন ফকিরের স্ত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের অর্থায়ন (ফিন্যান্স) বিভাগের প্রধান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আলী হোসেন ফকির আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তির মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি থাকতেই বাহারুল আলমের আবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার তাঁর নিয়োগ বাতিল করেছে সরকার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন