নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
![]() |
| ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার নয়াদিল্লিতে | ছবি: ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এক্স পোস্ট |
ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে।
শুক্রবার দুপুরে এস জয়শঙ্কর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ তথ্য জানান। এর আগে সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার মূল বিষয়।’
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে প্রস্তুত, তা নিশ্চিত করেছি।’
দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
গত বছরের মে মাস থেকে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরু করার পর এটি তার প্রথম মন্ত্রী পর্যায়ের সাক্ষাৎ। তবে গত বছরের আগস্টে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।
এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে ৮ এপ্রিল তিনি দিল্লি সফর করতে পারেন।

Comments
Comments