আমি যা করি, পরে সেটাই ট্রেন্ড হয়ে যায়: রায়হান রাফী
![]() |
| রায়হান রাফীশিল্পীর ফেসবুক থেকে | ছবি: সংগৃহীত |
দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তিনি যা করেন পরবর্তীতে সেটাই ট্রেন্ড বা নতুন ধারায় পরিণত হয়। নিজের নির্মাণশৈলী ও একের পর এক সাফল্য নিয়ে এই নির্মাতা বেশ আত্মবিশ্বাসী।
ঢালিউডে ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন রাফী। অর্জন করেছেন ‘হিট মেশিন’ হিসেবে পরিচিতিও। এবারের ঈদে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ঈদ বিশেষ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা তথ্য শেয়ার করেন রাফী। প্রেম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনে সিরিয়াস প্রেম মাত্র একটিই করেছেন; বাকি প্রেমগুলো বুঝে ওঠার আগেই হয়ে গেছে।
নিজের কাজের প্রভাব সম্পর্কে রাফী বলেন, ‘আমি তুফান করার পর এই ধরনের ছবি তৈরির সংখ্যা বাড়ছে। এখন প্রায় সব সিনেমাতেই মেশিন গান দেখা যাচ্ছে। প্রীতমকে নিয়ে আমি আইটেম গান করেছি, এখন সেটাও ট্রেন্ড হয়ে গেছে।’ তিনি আরও বলেন, আগামী ঈদ থেকে ‘প্রেশার কুকার’-এর মতো সিনেমাও বেশি দেখা যাবে।
ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। নারীকেন্দ্রিক গল্পের এই চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

Comments
Comments