[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াতের এমপির স্বজনদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পুলিশ আক্রান্ত

প্রকাশঃ
অ+ অ-
কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্যের স্বজনদের বিরোধ মেটাতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমারখালী থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ির সামনের কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে।

আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এমপি আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিষয়টি জানানো হলে রাত ৮টার দিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় আনোয়ার, শিপলুসহ তাঁদের লোকজন পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে জানতে আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আফজাল হোসেনের মুঠোফোনে কল করলে এক ব্যক্তি আত্মীয় পরিচয়ে জানান, ‘এমপি সাহেব একটি বৈঠকে ব্যস্ত আছেন। পরে তিনি কথা বলবেন।’

এমপির ভাতিজা রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় তাঁর চাচা বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর থেকে আনোয়ার ও শিপলুর পরিবারের সদস্যরা বাড়িতে নেই।

রাত সাড়ে ১০টার দিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘এমপির স্বজনদের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁর চাচাতো ভাই সাদিক, আনোয়ার ও শিপলু পুলিশের গাড়ির দিকে রেললাইনের পাথর ছুড়তে থাকেন। এতে গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। কেন আমাদের ওপর হামলা করা হলো, তা আমরা বুঝতে পারিনি। আইন সবার জন্য সমান। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন