[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাহাড়ের ২০০ ফুট নিচে পড়ে ছিল মা ও মেয়ের মরদেহ

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

বান্দরবানের মেঘলা পর্যটনের দাঁতভাঙ্গাপাড়া এলাকায় পাহাড়ের খাদ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন দো ওয়াই মারমা (২৬) ও তার ৪ বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০ ফুট উঁচু খাড়া পাথরের আলিংথন পাহাড় থেকে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না, এটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দো ওয়াই মারমার স্বামী উদয় তঞ্চঙ্গ্যা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দো ওয়াই মারমার বাবার বাড়ি চেমিডলুপাড়ায়। বিয়ের পর তিনি স্বামীর বাড়ি ডলুছড়িপাড়ায় থাকতেন। স্বামী উদয়ের সঙ্গে তার একদিন আগে ঝগড়া হয়েছিল। তখন জনসমক্ষে উদয় তাকে মারধর করেছিলেন।

উদয় তঞ্চঙ্গ্যার খালা বর্ষা তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, গত বুধবার উদয় শ্বাশুড়বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে খুঁজে বের করেন। পরে আলিংথন পাহাড়ে গিয়ে স্ত্রী ও মেয়েকে দেখতে পান। এ সময় স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং উদয়কে মারধর করতে দেখে স্থানীয়রা তাকে থানায় নিয়ে যান। রাতে থানা থেকে ফেরার পর স্ত্রী ও মেয়ে আবার বাড়িতে ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে আলিংথন পাহাড়ের খাদে দুজনের লাশ পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, মা ও মেয়ের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ বিষয়টি জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়, এটি হত্যা নাকি আত্মহত্যা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন