পাউবোর উদ্ধার করা জমি আবারও দখলে নিল ঢাকা বোট ক্লাব
![]() |
| ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এই অংশ দখলমুক্ত করেছিল পাউবো। এখন তা দখল করে আবার সড়ক নির্মাণ করেছে ঢাকা বোট ক্লাব | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১১ একর জমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উদ্ধার করার মাত্র আট মাসের মাথায় তা আবারও দখলে নিয়েছে ঢাকা বোট ক্লাব। সেখানে নতুন করে ফটক এবং প্রায় ৪০০ ফুট দীর্ঘ সড়ক নির্মাণ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত বছরের ২১ মে পাউবো বড় ধরনের অভিযান চালিয়ে বাঁধের এই অংশে বোট ক্লাবের অবৈধভাবে তৈরি করা কৃত্রিম ঝরনা, পাকা রাস্তা এবং কাঁটাতারের বেড়া গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিন দেখা যায়, রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন পঞ্চবটি এলাকায় তুরাগ নদ ঘেঁষে অবস্থিত এই ক্লাবে আবারও নির্মাণকাজ চলছে। খোলা জায়গায় নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে এবং মূল ফটকের বাইরে আরও একটি কংক্রিটের ফটক নির্মাণ করা হয়েছে।
সেখানকার একজন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক মাস আগে সরকারি লোকজন এসে উচ্ছেদ করে গেলেও সম্প্রতি সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছে।
পাউবোর নথিপত্র অনুযায়ী, বোট ক্লাব কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ১০ দশমিক ৭৩ একর জমি দখল করে রেখেছে। অথচ ২০১৭ সালের ৬ জুন বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্লাবে যাতায়াতের জন্য সরকার মাত্র ৫৫ শতক জায়গা বরাদ্দ দিয়েছিল।
তৎকালীন পুলিশ মহাপরিদর্শক ও ক্লাবের তৎকালীন সভাপতি বেনজীর আহমেদের নামে ওই জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। জমিটি দখলে নেওয়ার পর সেখানে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বেনজীর আহমেদ। ২০২৩ সালের অক্টোবরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণের অনাপত্তিপত্রের জন্য পাউবোকে চিঠি দিলে তারা সাফ জানিয়ে দেয় যে, জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ হওয়ায় সেখানে বহুতল ভবন নির্মাণের কোনো সুযোগ নেই।
![]() |
| ২০২৫ সালের ২১ মে পাউবো অভিযান চালিয়ে ঢাকা বোট ক্লাবের দখল করা জমিতে কৃত্রিম ঝরনা ও পাকা রাস্তা এবং কাঁটাতারের বেড়া গুঁড়িয়ে দিয়েছিল | ফাইল ছবি |
পাউবোর ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বোট ক্লাবের সভাপতিকে পাঠানো এক চিঠিতে দখল করা জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় আইন অনুযায়ী উচ্ছেদের বিষয়েও সতর্ক করা হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের মে মাসে পাউবো উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তবে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর বোট ক্লাব আবারও সেই জমি দখলে নিয়েছে।
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কেউ সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তাঁরা জানিয়েছেন, যেহেতু নির্বাচনের পর জমিটি নতুন করে দখল করা হয়েছে, তাই নতুন সরকারের নির্দেশনা বুঝে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
রাজউকের পরিকল্পনা উইংয়ের সদস্য মো. বশিরুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে রাজউকের প্রধান নগর-পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, ‘একটা চিঠি দেওয়া হয়ে থাকতে পারে। পরে কী হয়েছে, তা আমি জানি না।’
বক্তব্য জানতে ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি রুবেল আজিজের সাথে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও তিনি কোনো উত্তর দেননি।
এদিকে পাউবোর নথিতে উল্লেখ করা হয়েছে, ৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ছোট-বড় অন্তত ১ হাজার ৭০০টি অবৈধ স্থাপনা রয়েছে।
![]() |
| ঢাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এই অংশ দখলমুক্ত করেছিল পাউবো। এখন তা দখল করে আবার সড়ক নির্মাণ করেছে ঢাকা বোট ক্লাব | ছবি: পদ্মা ট্রিবিউন |
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের ১০ একর জমি দখল করে রেখেছিল বোট ক্লাব, যা উদ্ধারে অন্তর্বর্তী সরকার সফল হয়েছিল।
এ ধরনের ভূমি কোনোভাবেই কোনো ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এ রকম মূল্যবান ভূমি ব্যক্তির বরাবরে বন্দোবস্ত দেওয়ার কোনো সুযোগ নেই। এত দিন বেআইনি দখলে রাখার জন্য বোট ক্লাবকে শাস্তি দিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্লাবটি সব বিবেচনায় দেশের অনেক আইন ভঙ্গ করে আর ক্ষমতার অপব্যবহার করেই প্রতিষ্ঠিত।’
২০১৪ সালে প্রতিষ্ঠিত ঢাকা বোট ক্লাব ২০২১ সালের জুনে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ক্লাবটিতে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন—এমন অভিযোগ এনে তখন মামলা করেছিলেন তিনি। প্রায় তিন মাস তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়, যেখানে বলা হয় পরীমনি সেখানে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। পুলিশ এই ঘটনায় ব্যবসায়ী ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদ এবং তাঁর সহযোগী শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমির সম্পৃক্ততা পেয়েছিল।
বোট ক্লাবের মোট সাতজন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিমও রয়েছেন। সমাজের অভিজাত ব্যক্তিদের এই বিনোদন ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১ হাজার ৫০০ জন। ক্লাবটির বর্তমান সভাপতি ব্যবসায়ী রুবেল আজিজ।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক অভিযান শুরু করলে ২০২৪ সালের মে মাসে তিনি দেশ ছাড়েন। পরবর্তীতে জুন মাসে বোট ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে তিনি সভাপতির দায়িত্ব ছেড়েছেন।



Comments
Comments