সদরঘাটে উপচে পড়া ভিড়
![]() |
| পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ রয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা সদরঘাটে এসে লঞ্চের অপেক্ষায় ছিলেন। নোঙর করা সব লঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী রয়েছেন।
লঞ্চঘাটে বসে থাকা মো. হুমায়ুন কবির জানান, তিনি বেলা ১টার দিকে এখানে এসেছেন। বিকেল ৪টা ২০ মিনিটে তার সঙ্গে কথা বলার সময় তিনি ও তার সঙ্গে থাকা প্রায় ২০ জন একসঙ্গে ভোলার চরফ্যাশনে যাচ্ছেন। তিনি জানান, ‘আল ওয়ালিদ-৪’ লঞ্চটি যাত্রীতে ভরে গেছে, সেখানে আর সিট পাওয়া যাচ্ছে না।
তবে আরও একটি লঞ্চ আসার কথা রয়েছে। সেখানেই সিট পাবেন বলে তারা অপেক্ষা করছেন।
![]() |
| এক লঞ্চ থেকে অন্যটিতে পার হচ্ছে ঝুঁকি নিয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
হুমায়ুন কবিরের ভাগনে নোমান বাদশা জানান, লঞ্চে যাওয়া তাঁদের জন্য সুবিধাজনক, কারণ সড়কপথে ভোগান্তি অনেক বেশি। তবে লঞ্চেও কিছুটা কষ্ট আছে। তিনি বলেন, ‘আজ দুপুরে আমরা এখানে এসেছি, তাই আগামীকাল সকালের আগে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না।’
আল ওয়ালিদ-৪ লঞ্চে ওঠা মো. হাসনাইন তালুকদার জানান, তিনি বেলা ৩টার দিকে এসেই লঞ্চে উঠেছেন। তিনি এখনো টিকিট কাটেননি, মাঝপথে টিকিট কেটে যাত্রা করবেন।
![]() |
| সদরঘাট থেকে ছাড়া লঞ্চগুলোয় মানুষের ভিড় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঈদযাত্রা উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিশেষ দায়িত্ব পালন করছেন আনসার সদস্য মো. আজিম উদ্দিন। তিনি জানান, গত মঙ্গলবার থেকে সদরঘাটে যাত্রীদের চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এখানে চাপ বিরাজ করছে এবং বিকেলের দিকে তা আরও বেড়েছে।



Comments
Comments