[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরের ভাঙ্গায় মাঝরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশঃ
অ+ অ-
টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে | ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরে মাঝরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন ইসমাইল মুন্সী এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন কামরুল মিয়া। রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জের ধরে মাঝরাতে দুই পক্ষের লোকজন ঢাল ও রামদা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে ভাঙ্গা থানার পুলিশ এবং এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান বলেন, ইসমাইল মুন্সী ও কামরুল মিয়া আত্মীয়। তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতার হোসেন জানান, গোপীনাথপুর গ্রামের সংঘর্ষে আহত রুমা বেগম (৪০) ও মাসুদ হোসেনকে (৩৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন