পাবনা-৪: উত্তেজনাপূর্ণ লড়াই শেষে জয়ী আবু তালেব
| আবু তালেব মন্ডল | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জেলা জামায়াতে ইসলামী কমিটির আমির আবু তালেব মন্ডল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলের ভিত্তিতে অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট অর্জন করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬ ভোট। এছাড়া বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া জাকারিয়া পিন্টু (মোটরসাইকেল প্রতীকে) পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট। দুই উপজেলার ১২৯টি কেন্দ্রের ফলাফলের বিশ্লেষণ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ১১১, এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৯১ হাজার ২৪০ এবং আটঘরিয়ায় ১ লাখ ৩৮ হাজার ৮৭১ ভোটার রয়েছেন।
পাবনা-৪ আসনের ইতিহাসে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত আটটি জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বিজয়ী ছিলেন বিএনপি মনোনীত সিরাজুল ইসলাম সরদার। ১৯৯৬ সালের জুন নির্বাচনের পর থেকে এ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। তাঁর মৃত্যুর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হন প্রয়াত শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ।
শাহেদ মোস্তফা বলেন, 'নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।'
Comments
Comments