[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তাশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তাশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নগরবাসীকে নির্ধারিত রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের জন্য নগরবাসীকে পলাশীর মোড় ও জগন্নাথ হল পার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হবে। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বেরিয়ে যেতে হবে। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সবাইকে এই পথ (রুট) অনুসরণ করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা জানাবেন। দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

কমিশনার বলেন, অমর একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তাশঙ্কা নেই। তবুও পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি বিশেষায়িত বাহিনী সোয়াট, ডগ স্কোয়াড (কুকুর বাহিনী), বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল টিম) ও অপরাধস্থল তদন্ত দল (ক্রাইম সিন ইউনিট) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এ ছাড়া গোয়েন্দা নজরদারির পাশাপাশি ইন্টারনেট জগতেও (সাইবার) তদারকি চলবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য না আনার অনুরোধ জানিয়েছে ডিএমপি। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সাতটি রাস্তায় যানবাহন চলাচলের পথ পরিবর্তন বা ‘ডাইভারশন’ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। জায়গাগুলো হলো— শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।

কয়েক স্তরের নিরাপত্তা
দুপুরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আরেকটি সংবাদ সম্মেলন করে র‍্যাব। র‍্যাবের মহাপরিচালক কে এম শহিদুর রহমান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকা ৬৪টি ক্যামেরার নজরদারিতে থাকবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, দাবি আদায়ের নামে সাধারণ মানুষের ওপর জুলুম বা তাঁদের জিম্মি করে কোনো ধরনের কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বাধা না আসে, সে জন্য র‍্যাব সজাগ দৃষ্টি রাখবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন