[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরগুনা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করল ছাত্রলীগ

প্রকাশঃ
অ+ অ-
বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁরা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

বুধবার বরগুনা শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসানের নেতৃত্বে কয়েকজন জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে আসেন। এ সময় একটি বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে কার্যালয়ের সামনে উত্তোলন করেন তাঁরা। পরে ভেতরে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

ফাহাদ হাসান বলেন, শেখ হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা বরগুনা জেলা ছাত্রলীগ অফিস খোলার কাজে অংশ নিচ্ছি। আমাদের পার্টি অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াব।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান বলেন, বর্তমানে রাষ্ট্র ঘোষিত কার্যক্রম-নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি টাঙানো ও জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তারা যেন দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, খুব সকালে ও গোপনে কার্যালয়ে ছবি টাঙানো এবং পতাকা উত্তোলন করা হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও দেখে এই কাজে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। এরপর থেকে দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁদের অনেককেই আবার মাঠে দেখা যাচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন