[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

প্রকাশঃ
অ+ অ-
সালদৈ বাজারে নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের পর উত্তেজনাকর পরিস্থিতি | ছবি: ভিডিও থেকে নেয়া 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে এ ঘটনা ঘটে। দু পক্ষের নেতা-কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী জাহিদ ভুঁইয়া ও লতিফ ভুঁইয়াসহ তিনজন। অন্যদিকে বিএনপির আহত ব্যক্তিরা হলেন স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী মিছিল ঢোকে। ওই বাজারে বিএনপির কার্যালয়ের কাছে মিছিলটি পৌঁছালে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হন। পরে দুই পক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান মুঠোফোনে বলেন, ‘আমার নিজের ইউনিয়ন ঘাগটিয়া। সেখানে নির্বাচনী কার্যালয়ে আমার নেতা-কর্মীরা ভোটার স্লিপ গোছাচ্ছিলেন। এমন সময় জামায়াতে ইসলামীর একটি মিছিল হঠাৎ কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের মারধর করে। এতে দুজন নেতা গুরুতর আহত হয়েছেন এবং আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। জামায়াতের নেতা-কর্মীদের ওপর কোনো হামলা হয়নি বলে আমি জেনেছি। বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে।’

পাল্টা অভিযোগ করে এই আসনে জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, আগের ঠিক করা কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে জামায়াতের নেতা-কর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে জামায়াতের কেন্দ্রীয় মজলিশ সদস্য মাওলানা শেফাউল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। সেই সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন