নির্বাচন শেষ, অথচ ময়মনসিংহ নগরে রয়ে গেছে প্যানা-পোস্টার
![]() |
| নির্বাচনের ৬ দিন পেরিয়ে গেলে সরেনি পোস্টার। গতকাল বিকেলে ময়মনসিংহ নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পেরিয়ে গেলেও ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে এখনো প্রার্থীদের সাঁটানো প্যানা, পোস্টার ও ব্যানার ঝুলছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গত মঙ্গলবারের মধ্যে এসব নির্বাচনী সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ জয়ী হয়েছেন। শহরের প্রধান সড়ক নতুন বাজার, গাঙ্গিনারপাড়, চরপাড়া, জিলা স্কুল মোড়, টাউন হল মোড়সহ বিভিন্ন এলাকা প্রার্থীদের পোস্টারে ছেয়ে আছে। শুধু প্রধান সড়ক নয়, অলিগলিতেও ৯ প্রার্থীর শত শত পোস্টার, ব্যানার ও বড় বড় বিজ্ঞাপন বোর্ড টানানো অবস্থায় রয়েছে।
শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা তালহা জুবায়ের বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেলেও পোস্টারগুলো ঝুলে থাকায় মনে হচ্ছে ভোট এখনো শেষ হয়নি। দ্রুত এগুলো সরিয়ে শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা উচিত। প্রার্থীরা যেভাবে টাকা খরচ করে এগুলো লাগিয়েছেন, ঠিক সেভাবেই এগুলো সরিয়ে ফেলা উচিত।’
গাঙ্গিনারপাড় ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বুধবার বিকেলে গিয়েও একই চিত্র দেখা গেছে। ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় হামিদুল হক নামের এক পথচারী বলেন, ‘ছয় দিন পেরিয়ে গেলেও নির্বাচনী প্যানা-পোস্টার এখনো সরানো হয়নি। পুরো শহরের একই অবস্থা। দ্রুত এগুলো পরিষ্কার করা দরকার।’
নির্বাচনী সামগ্রী সরিয়ে ফেলার অনুরোধ জানিয়ে সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ তাঁর যাচাইকৃত ফেসবুক পাতায় একটি বার্তা দিয়েছেন। ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘এখন সময় আমাদের শহর-গ্রামকে আগের মতো পরিষ্কার ও সুন্দর করে তোলা। জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ এড়াতে রাস্তাঘাট, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি ও জনসমাগমস্থলে টাঙানো নির্বাচনী প্যানা এবং বিজ্ঞাপন বোর্ড দ্রুত সরিয়ে ফেলার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। নিজ নিজ প্রচার সামগ্রী সরিয়ে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখুন। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়া আমাদের সবার দায়িত্ব।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ‘বিজয়ী ও পরাজিত সব প্রার্থীর প্যানা-পোস্টার শহরজুড়ে ঝুলে আছে, যা শহরকে নোংরা করছে। আমরা চাই এগুলো দ্রুত সরিয়ে শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।’
নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘প্রার্থীদের আবারও অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের সামগ্রীগুলো নিজেরা সরিয়ে নেন। পাশাপাশি আমরা সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোকেও এগুলো সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’

Comments
Comments