[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বন্দরে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
গুরুতর অবস্থায় দুলালকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন    

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুলাল মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা এলাকায় এই ঘটনা ঘটে। দুলাল কেওডালা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কেওডালা এলাকায় সাজিদ নামের প্রতিবেশী এক যুবকের সঙ্গে দুলালের ছেলে ওসমান গণির কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সাজিদ বিষয়টি তাঁর পরিবারকে জানায়। একপর্যায়ে সাজিদের আত্মীয়স্বজনেরা দুলালের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।

দুলালের পরিবারের অভিযোগ, সাজিদের স্বজনেরা ওসমান গণিকে মারধর করছিল। এ সময় ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা দুলাল মিয়া। প্রতিপক্ষের লোকজন দুলালকেও পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বন্দর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসমান গণি অভিযোগ করেন, বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাজিদ এসে তাঁর বাবার পিঠে থাপ্পড় দেন। তিনিও মজা করে পাল্টা থাপ্পড় দিলে সাজিদ বিষয়টি পরিবারকে জানায়। এরপর সাজিদের স্বজনেরা এসে তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন