আলপনায় বর্ণিল শহীদ মিনার
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, আশপাশের সড়কে চলছে শেষ মুহূর্তের আলপনা আঁকার কাজ | ছবি: পদ্মা ট্রিবিউন |
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে জাতি। বিশেষ এই সময়টিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শুক্রবার সারা দিন এলাকাটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের রাস্তাগুলো আলপনার রঙে রঙিন হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহীদ মিনার সংলগ্ন রাস্তাগুলোতে সাদা-কালো ও রঙিন নকশা ফুটিয়ে তুলেছেন। এসব আলপনায় ভাষা আন্দোলনের বিভিন্ন প্রতীক, শহীদদের স্মরণে অমর বাণী এবং একুশের চেতনার নানা স্লোগান ফুটিয়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলপনার কাজ প্রায় শেষ পর্যায়ে।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।
Comments
Comments