প্রথম জুমায় কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম
![]() |
| জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র রমজান মাসের প্রথম জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জুমার নামাজ ও বিশেষ মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ মসজিদে জড়ো হন।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না থাকায় অনেকেই বাইরে অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদ চত্বর ও আশপাশের সড়কেও সারিবদ্ধভাবে মুসল্লিদের নামাজ পড়তে দেখা যায়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনেক মুসল্লি জানান, রমজান মাসের প্রতিটি জুমায় তারা এখানে নামাজ আদায়ের চেষ্টা করেন। পবিত্র এই মাসের প্রথম জুমায় অংশ নিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এদিকে জুমার নামাজকে ঘিরে মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুবিধার্থে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Comments
Comments