[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশঃ
অ+ অ-
মারধর | প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।

আহত যুবকের নাম মো. রহমতউল্লাহ শেখ (২৭)। তিনি কচুয়া উপজেলার চর সোনাকুর গ্রামের আবদুল মতিনের ছেলে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা অবস্থায় রহমতউল্লাহ যন্ত্রণায় চিৎকার করছিলেন। হামলাকারীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘চর সোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল ও ইয়াসিন এবং তাঁদের সহযোগী ইব্রাহিম আমাকে কুপিয়েছে।’

রহমতউল্লাহর বাবা আবদুল মতিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল ও ইয়াসিনসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে কুপিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁর ছেলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং দুই পা-ও প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস জানান, রহমতউল্লাহর দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য পা-টিও প্রায় বিচ্ছিন্ন। এ ছাড়া তাঁর মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আহত রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল। অভিযোগ রয়েছে, সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারটিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন রহমতউল্লাহ। এর জেরেও এই হামলার ঘটনা ঘটতে পারে। ওই ধর্ষণের ঘটনায় সকালে কচুয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। সেই মামলায় রহমতউল্লাহর এক ঘনিষ্ঠ সহযোগীকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন