টেকনাফে সমুদ্রসৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
![]() |
| মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন লম্বরী ও মিঠাপানির ছড়া নৌঘাট এলাকায় আজ সকালে দুটি লাশ উদ্ধার করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া সমুদ্রসৈকতের নৌকাঘাট এলাকা থেকে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকতে ওই তরুণ-তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জালাল আহমদ নামের স্থানীয় এক জেলে জানান, সকালে তিনি সৈকতে গিয়ে দেখেন, বালুচরে পড়ে থাকা মরদেহ দুটি ঘিরে লোকজন ভিড় করে আছে। মরদেহগুলো দেখে তাঁর মনে হয়নি যে জোয়ারের পানিতে এগুলো ভেসে এসেছে। তাঁর ধারণা, অন্য কোথাও দুজনকে হত্যার পর মরদেহগুলো এখানে ফেলে যাওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টা পর্যন্ত মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে ওই তরুণ-তরুণীকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সাগরপথে মানব পাচার বা মুক্তিপণ আদায়কে কেন্দ্র করে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তাঁদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments
Comments