এক সপ্তাহের জন্য নির্বাচনী দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
| জনপ্রশাসন মন্ত্রণালয় |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এসব কর্মকর্তা এক সপ্তাহ মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন ভ্রাম্যমাণ ও বিশেষ টহল দলের (স্ট্রাইকিং ফোর্স) সঙ্গে, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সঙ্গে কাজ করবেন তাঁরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষ্যে এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে।
Comments
Comments