[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশ টাইমসের সংবাদকর্মীদের ক্যাম্পে নেওয়ার পর মুক্তি!

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ টাইমসের লোগো 

রাজধানীর নিকুঞ্জ এলাকায় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ টাইমস’-এর কার্যালয় থেকে ২১ জন সাংবাদিক ও কর্মীকে সেনাসদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ সাংবাদিকতা (মোবাইল জার্নালিজম) বিভাগের প্রধান সম্পাদক সাব্বির আহমেদ জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের মধ্য থেকে নিরাপত্তাকর্মী এবং অফিস সহকারীসহ ২১ জনকে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, ঘটনার আগে নিজেকে উত্তরা সেনা ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওই ব্যক্তি দাবি করেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভের সময় সেনাবাহিনী নিয়ে বক্তব্য থাকা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা নিয়ে সমস্যা আছে। এ ধরনের আধেয় (কনটেন্ট) প্রকাশ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়।

পরে ফেসবুক লাইভে সাব্বির আহমেদ এই ঘটনাকে অন্যায্য বলে মন্তব্য করেন। জাতীয় নির্বাচনের আগে এটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি গণমাধ্যম কার্যালয়কে এভাবে লক্ষ্যবস্তু করা অনাকাঙ্ক্ষিত।

রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে সরাসরি প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, আটকে রাখা ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কার্যালয়ে ফিরে এসেছেন।

এ বিষয়ে উত্তরা হাজী ক্যাম্পের মেজর ফাহাদ জানান, সাংবাদিকদের আলোচনার জন্য ক্যাম্পে নেওয়া হয়েছিল এবং কিছু সময় পর তাদের ছেড়ে দেওয়া হয়। আটকে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এটিকে ‘ছোট একটি বিষয়, গুরুতর কিছু নয়’ বলে উল্লেখ করেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন