নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানো নিয়ে উত্তেজনা, বিক্ষোভ
![]() |
| আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করে জুলাই ঐক্য। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
আওয়ামী লীগ কার্যালয়ের ফটকের তালা ভেঙে ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বুধবার বিকেল পাঁচটায় শহরের টাউন হল মোড়ে ‘জুলাই ঐক্য, নোয়াখালী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় শহরের প্রধান সড়কের এক পাশে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট সেখানে বিক্ষোভ সমাবেশ চলে।
সমাবেশে বক্তারা বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে আসার সাহস পেয়েছে। তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে। এই দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আর কোনো জায়গা হবে না। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। তাদের দেখা মাত্রই আইনের হাতে তুলে দেওয়া হবে।’
উল্লেখ্য, বুধবার সকাল সাতটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টাঙান এবং কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments
Comments