রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা: মহিলা পরিষদের ক্ষোভ ও নিন্দা
![]() |
| বাংলাদেশ মহিলা পরিষদ |
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, বিশেষত একজন নারী সংসদ সদস্যকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার পরিপন্থী। এ ধরনের আচরণ নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।’
মহিলা পরিষদ এই ঘটনাকে শহীদ মিনারের অবমাননা এবং নারীবিদ্বেষী কার্যক্রম হিসেবে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে সচেতন থাকতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নিজ নির্বাচনী এলাকা সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি রুমিন ফারহানা। পরে শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তা অন্য আসনেও শুরু হবে। বিএনপি যদি এই বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) এড়িয়ে যেতে চায়, তবে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’

Comments
Comments