রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে ছাত্রলীগের স্লোগান
![]() |
| রাজশাহী জেলা আওয়ামী লীগের ভাঙচুর করা কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগান | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এ সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে।
শহরের সিটিহাট এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছিল। কার্যালয়টির দরজা-জানালা এমনকি ইটও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে। হঠাৎ সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনের স্লোগান দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ১২-১৫ জন নেতা-কর্মী কার্যালয়টির সামনে যান। এরপর চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। তাঁদের মধ্যে দুজন মাস্ক পরে ছিলেন এবং একজন হেলমেট পরে ছিলেন। অন্য একজনের মুখে হেলমেট বা মাস্ক ছিল না। তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়।
এই নেতা-কর্মীরা প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। এরপর ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন। রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন।
জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশ দেখতে পেলেই গ্রেপ্তার করত।’

Comments
Comments