অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির
![]() |
| গণতান্ত্রিক অধিকার কমিটি |
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রমের ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে ওই সরকারে থাকা জাতীয় স্বার্থবিরোধী ভূমিকায় লিপ্ত ব্যক্তিদের বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। গত শুক্রবার কমিটির সাধারণ সভায় এসব দাবি জানানো হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জনসম্মতির বিরুদ্ধে গিয়ে তড়িঘড়ি ও অস্বচ্ছভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার তীব্র নিন্দা জানান কমিটির সদস্যরা। তাঁরা বলেন, এ ধরনের চুক্তি দেশকে স্থায়ীভাবে শৃঙ্খলিত ও অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র, যা জাতীয় সার্বভৌমত্বের ওপর একটি নজিরবিহীন আক্রমণ। অবিলম্বে নির্বাচিত সরকারকে এই ‘অবৈধ’ চুক্তির পথ থেকে সরে আসার আহ্বান জানান তাঁরা।
কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির মূল কারিগর ছিলেন, তাঁকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করা হয়েছে। সভায় নির্বাচন-পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা এবং হাতিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। এ ছাড়া বম জনগোষ্ঠীসহ মিথ্যা অভিযোগে দীর্ঘদিন ধরে আটকে রাখা ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়।
অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের সংগঠক দীপা দত্ত, গবেষক মাহতাবউদ্দীন আহমেদ, লেখক চৌধুরী মুফাদ আহমেদ, জয়দীপ ভট্টাচার্য, সদরুল হাসান রিপন, মহসিন আলী, নাজমুস সাকিব, শ্রমিকনেতা সত্যজিৎ বিশ্বাস, ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা দীলিপ রায়, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক, আইনজীবী আলাউদ্দিন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, রাফসান আহমেদ, অধিকারকর্মী মারজিয়া প্রভা ও ফখরুদ্দিন কবীর।

Comments
Comments