[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জমি বিরোধে গোপালগঞ্জে নারীকে হাতুড়িপেটায় হত্যা

প্রকাশঃ
অ+ অ-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমিজমা বিরোধের ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হাতুড়িপেটায় নাহিদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মহিবুল্লাহ ওস্তা (২২) আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা বেগম ওই গ্রামের শরিফুল ওস্তার স্ত্রী। আহত মহিবুল্লাহ টুঙ্গিপাড়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনজুরুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, শরিফুল ওস্তার সঙ্গে প্রতিবেশী কাদের ওস্তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ছয় মাস আগে আদালত শরিফুল ওস্তার পক্ষে রায় দেন এবং কাদের ওস্তার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দেন। তবুও অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কাদের ওস্তা ওই জমি দখলে রেখেছেন।

নাহিদার দেবরের ছেলে আরমান ওস্তা জানান, গতকাল সকালে ওই জমিতে বেড়া দেওয়ার কথা ছিল শরিফুল ওস্তার পরিবারের। খবর পেয়ে কাদের ওস্তা তাঁর পাঁচ ছেলেকে নিয়ে হাতুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

আরমান ওস্তা বলেন, ‘ঘটনার পর রাতে কাদের ওস্তার ছেলেরা লোকজন নিয়ে মহিবুল্লাহর ঘরের দরজা ভেঙে ঢুকে হামলা চালায়। হামলার সময় মা নাহিদা বেগম এগিয়ে আসেন ছেলেকে বাঁচাতে। তখন হামলাকারীরা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’

স্থানীয়রা আহত নাহিদাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত মহিবুল্লাহকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মহিবুল্লাহ ওস্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে কাদের ওস্তা আমাদের জমি দখল করে রেখেছে। বাবা মামলা করতে করতে এক বছর আগে মারা যান। ছয় মাস আগে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। গতকাল টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করায় তারা ক্ষিপ্ত হয়ে মা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমাকে বাঁচাতে মারধর করা হয়েছে।’

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক মনজুরুল কবীর বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে নাহিদা বেগমকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন