কালোটাকা ছড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর
নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য কালোটাকা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালোটাকার ছড়াছড়ি হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বহিরাগতরা নির্বাচনের প্রচারণার নামে মহড়া দিচ্ছে।
লিখিত অভিযোগে এমরান আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট-৬ সংসদীয় আসনের বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা। এখানে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি, বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালাচ্ছে।’
তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী, সমর্থক ও বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট দেওয়ার সঙ্গে ব্যালট বাক্স ছিনতাই করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে। এছাড়া সাধারণ ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে নগদ টাকা দিয়ে ভোট কেনাবেচা করা হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এমরান আহমদ লিখিত অভিযোগে বলেন, ‘এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করেছি। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আরেকটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু দুঃখজনকভাবে এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়টি আমাদের উদ্বিগ্ন করেছে।’
তবে অভিযোগে বিএনপির প্রার্থী উল্লেখ করেননি, কোন প্রার্থী কালোটাকা ছড়াচ্ছেন বা কোন প্রার্থীর কর্মী, সমর্থক ও বহিরাগতরা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দিচ্ছেন। অভিযোগের অনুলিপি তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন।
যোগাযোগ করা হলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Comments