ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর
![]() |
| ভাঙচুরের শিকার নির্বাচনী কার্যালয়। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল ইসলামের (ফিরোজ) তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর, বৈশাখী তেলপাম্প ও হেলাই গ্রামে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একদল অজ্ঞাতপরিচয় যুবক এসে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এসব কার্যালয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা তিনটি মোটরসাইকেল, বেশ কিছু চেয়ার ও টেবিলের কাচ ভাঙচুর করেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থলে হাতবোমার মতো একটি কৌটা পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফারুকসহ সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন।
এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন মুহাম্মদ রাশেদ খান। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

Comments
Comments