[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্ক

প্রকাশঃ
অ+ অ-

২১শে ফেব্রুয়ারির ব্যানারে নেই ভাষা শহিদদের ছবি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের টাঙানো তোরণে ৫২-র শহিদদের বদলে জায়গা পেয়েছে জুলাই শহিদ আবু সাঈদের ছবি। শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের একটি ব্যানারকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারের প্রবেশপথে টাঙানো ওই ব্যানারে ভাষা শহিদদের পরিবর্তে জুলাই অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের ছবি ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। তবে কলেজের মূল ফটকে জেলা প্রশাসনের টাঙানো ব্যানারে ভাষা শহিদদের ছবির অনুপস্থিতি এবং জুলাই অভ্যুত্থানের শহিদের ছবি প্রাধান্য পাওয়ায় মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

ব্যানারটি নিয়ে বিভিন্ন দলের সমর্থকদের প্রতিবাদ জানাতে দেখা গেছে। তাঁরা বলছেন, ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মত্যাগের দিনে তাঁদের ছবি বাদ দিয়ে ভিন্ন প্রেক্ষাপটের ছবি ব্যবহার করা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি চরম অবজ্ঞা।

ফায়জার রহমান কনক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি একজন ভাষা সৈনিক পরিবারের সন্তান হিসেবে এর প্রতিবাদ জানাচ্ছি। ভাষার অর্জনের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। এটি আমাদের অস্তিত্বকে অস্বীকার করার শামিল।’ 

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডা. আ. আ. ম. মেসবাহুল হকের ছেলে মেসবাহুল সাকের বিষয়টিকে ‘ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকেই ইতিহাসের এই বিচ্যুতি ঘটছে।

সমালোচনার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ দাবি করেন, ‘২১শে ফেব্রুয়ারির আয়োজনে ৩৬শে জুলাই (জুলাই অভ্যুত্থান) ফুটিয়ে তোলার বিষয়টি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন