[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোপালপুরে দেড় বছর পর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার

প্রকাশঃ
অ+ অ-
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন দলের নেতা-কর্মীরা | ছবি: ভিডিও থেকে নেওয়া 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দীর্ঘ দেড় বছর পর দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে থানা থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত এই কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে ১০-১৫ জন নেতা-কর্মী কার্যালয়ের ফটকের সামনে জড়ো হন। তাঁরা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে দলের সব বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় কিছু ব্যক্তি ব্যানারটি খুলে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ফজরের নামাজের সময় চুপিসারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত মনে করেন, এর মাধ্যমে এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভোররাতে কয়েকজন এসে পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন