[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টেকনাফের ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশঃ
অ+ অ-
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী | ছবি: পদ্মা ট্রিবিউন   

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে মাছ ধরা শেষে ফেরার পথে পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে নাইক্ষ্যংদ্বীয়া নামক এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জালিয়া পাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকায় মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ ওই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকার শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসেনসহ মোট পাঁচজন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ ধরে ফিরছিল। এমন সময় হঠাৎ একটি দ্রুতগামী নৌকার ইঞ্জিনের শব্দ শোনা যায়। এরপরই আরাকান আর্মির সদস্যরা একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।

আতাউর রহমান আরও জানান, মাছ ধরে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছ দিয়ে আসতে হয় বলে মাঝেমধ্যেই জেলেদের ধরে নেওয়ার মতো ঘটনা ঘটে।

এই ঘটনার পর থেকে এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন