[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীর আকাশ হঠাৎ কেন অন্ধকার হয়ে যাচ্ছে

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কারওয়ান বাজার এলাকা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ছুটির দিন শুক্রবার সকালের আকাশ বেশ ঝকঝকে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশ কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। নগরের বিভিন্ন স্থানে হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এটি কি নিছক দূষণ, নাকি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব?

আবহাওয়াবিদ ও দূষণ বিশেষজ্ঞদের মতে, ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে আকাশ হঠাৎ এমন মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া নতুন কিছু নয়। চারদিক অন্ধকার হয়ে আসলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয় না এবং কিছু সময় পর আকাশ আবার পরিষ্কার হয়ে যায়। আবহাওয়াবিদেরা এই পরিস্থিতিকে ‘ধোঁয়াশা’ বলে অভিহিত করেন। মূলত নগরের দূষণ, বাতাসের গতিপথ পরিবর্তন, জলীয় বাষ্পের উপস্থিতি এবং সাগরে সৃষ্ট লঘুচাপের সীমিত প্রভাবেই এমন গুমোট ভাব তৈরি হয়।

রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরেই বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় প্রথম সারিতে রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্বের ১২৩টি নগরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তখন ঢাকার বায়ুর মান সূচক ছিল ২৮৪।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ পার হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। নগরের কলকারখানা, ইটভাটা ও যানবাহনের ধোঁয়ার পাশাপাশি আন্তমহাদেশীয় দূষিত বায়ুপ্রবাহও এই পরিস্থিতির জন্য দায়ী। ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চল হয়ে আসা এই দূষিত বায়ু দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বাতাসের ওপর স্তরীভূত হয়ে আছে।

প্রকৃতিতে এখন শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে, বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শীতকালের উত্তর-পশ্চিম বায়ু এবং গরমের দক্ষিণি বায়ুর প্রবাহের মধ্যে এখন একধরনের সংঘাত হচ্ছে। এই এলোমেলো বায়ুপ্রবাহের সঙ্গে দূষণ ও জলীয় বাষ্প মিলে ধোঁয়াশা তৈরি করছে। সাধারণত ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করে।

তবে এই গুমোট ভাব কাটার সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী সোমবার বা মঙ্গলবার বরিশাল, খুলনা বা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মনে করেন, বৃষ্টি হলে এই ধোঁয়াশা কেটে আকাশ পরিষ্কার হতে পারে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন