[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পোস্টাল ব্যালটের কেন্দ্রে ফলাফল ঘোষণায় সময় বেশি লাগতে পারে: ইসি সচিব

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচনকালীন বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ডাকযোগে পাঠানো ভোটের (পোস্টাল ব্যালট) ফলাফল ঘোষণায় তুলনামূলকভাবে সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনকালীন বিদেশি সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপিত তথ্যকেন্দ্র (মিডিয়া সেন্টার) উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে আসা ভোটের ফলাফল অন্য কেন্দ্রের তুলনায় আসতে একটু বেশি সময় লাগবে। তবে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

দেরি হওয়ার কারণ হিসেবে ইসি সচিব বলেন, ডাকযোগে আসা ভোটের ব্যালট পেপারের গঠনগত কারণে তা বারবার যাচাই করে দেখার প্রয়োজন হতে পারে। এতে কিছুটা দেরি হলেও কোনোভাবেই তা অনেক দীর্ঘ হবে না বলে তিনি আশ্বাস দেন।

রিটার্নিং কর্মকর্তারা তাঁদের অধীনে থাকা কেন্দ্রগুলোর ভোটের ফলাফল যোগ করে তা ঘোষণা করবেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে ১৩ তারিখ সকাল ১০টায় ফলাফল একত্র করার (কম্পাইলেশন) সময়সূচি ঘোষণা করেছেন।’

চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কত সময় লাগতে পারে, এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ব্যালট যতগুলো পড়েছে সেগুলো গুনতে হবে। এই গুনতে যতটুকু সময় লাগে।’ তিনি ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ২৯৯টি আসনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে। নির্বাচন কমিশনের লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া।

গণমাধ্যমের উদ্দেশ্যে আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাঁরা গণমাধ্যমের কাছে তথ্য সরবরাহ করবেন এবং তথ্যের ব্যাখ্যা দেবেন। তবে সবাইকে ভুল বা মিথ্যা তথ্য (অপতথ্য) প্রচার থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন